1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটের চিতলমারী ইউএনওর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারী ইউএনওর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৯ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

 

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে দরপত্র আহ্বান ও পছন্দের ঠিকাদারদের অনুকূলে কাজ প্রদানের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের নীতিমালা উপেক্ষা করে তিনি নিজেই চারটি দরপত্র আহ্বান করে প্রায় ৩০ লাখ টাকার কার্যাদেশ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

মো. রফিকুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি এই অভিযোগ করে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

 

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ৯ মার্চ চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন মেরামতসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য স্থানীয় সরকার বিভাগ ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়। দুই মাস পর ৮ মে চারটি দরপত্র আহবান করা হয়।

 

তবে অভিযোগকারীর দাবি, ৮ মে দরপত্র আহবান করা হলেও কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এমনকি ১৪ মে বেলা ১১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের নোটিশ বোর্ডেও কোনো নোটিশ টানানো হয়নি। ওইদিন দুপুর ১টার দিকে নোটিশ বোর্ডে চারটি দরপত্রের নোটিশ টানানো হয়। দরপত্র দাখিলের শেষ সময় ছিল দুপুর ২টা ৩০ মিনিট, আর খোলার সময় ছিল ৩টা।

 

রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি নিয়মিত নোটিশ বোর্ড দেখি। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পর ওই নোটিশ দেওয়া হয়। দরপত্রের বিবরণ, বাজেট কিছুই উল্লেখ ছিল না। কাজের বিবরণ না থাকলে অংশগ্রহণ করবো কীভাবে?’

 

অভিযোগে আরও বলা হয়েছে, ইউএনও তাপস পাল ১৫ মে চারটি দরপত্রের বিপরীতে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন। যদিও এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে দরপত্র আহবানের আগে থেকেই বোঝাপড়া ছিল বলেও অভিযোগ রয়েছে, কারণ প্রাক্কলিত মূল্য ও কার্যাদেশের টাকায় ছিল মাত্র ১–২ হাজার টাকার ব্যবধান।

 

অন্যদিকে এসব কাজের একটি পেয়েছেন বলে জানানো হলেও মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজের মালিক মোঃ জাহিদুজ্জামান বলেন, ‘আমি কোনো কাজ পাইনি। কে এসব তথ্য দিয়েছে, তা জানি না।’

এ বিষয়ে এক সরকারি প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ ধরনের দরপত্র সাধারণত আহবান করেন উপজেলা প্রকৌশলী। এখানে কেন ইউএনও আহবান করেছেন, তা জানা নেই।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, ‘উপজেলা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী চারটি কার্যাদেশ বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবার দরপত্র আহবান করা হবে।’

তবে তিনি দরপত্র আহবান প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘন বা পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি