
আবিদুর রহমান বাবুল
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হত্যা মামলার আসামি নাজিম উদ্দিন (৪৭) ও ফোরকান আহমদ (৫২)। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাবিবুর রহমান (২৪) এবং মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করায় মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত শাহেদকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নাজিম উদ্দিন ও ফোরকান আহমদ চন্দনাইশ থানার ৬ নভেম্বর দায়ের করা একটি হত্যা মামলার আসামি। হাবিবুর রহমানকে ৫৪ ধারায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, শাহেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট ১০০ টাকা জরিমানা ও আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply