
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাদক, নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে থানা-পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ওসি শরিফুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর,
বৃহস্পতিবার, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া বাজার এলাকা থেকে জিয়াউর শিকদারকে গ্রেপ্তার করে থানা-পুলিশের একটি চৌকস দল। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আকরাম শিকদারের ছেলে। তিনি লোহাগড়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
ওসি শরিফুল ইসলাম বলেন, “অপরাধী যত বড়ই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধের ধরন ও অপরাধীর পরিচয় যা-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক, নাশকতা ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে লোহাগড়া থানা-পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।”
পুলিশের এ অভিযানের লক্ষ্য হলো বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা। অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
© All rights reserved © 2023
Leave a Reply