
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ জেলায় চলমান সড়ক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ২৭টি ভূমি অধিগ্রহনের চেক বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
০২/২০২১-২০২২ নম্বর প্রকল্পের আওতায় ঢাকা (কাঁচপুর)-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর এবং ০৯/২০১৯-২০২০ নম্বর প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নীতকরণসহ ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ এসব চেক প্রদান করেন।
চেক বিতরণকালে প্রধান অতিথি বলেন,”বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। সরকারের উন্নয়নমূলক কাজে যারা নিজেদের জমি দিয়ে সহযোগিতা করছেন, তারা এই উন্নয়নের অংশীদার। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন প্রকৃত জমির মালিকরা তাদের পাওনা টাকা সঠিক সময়ে পান, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”
জেলা প্রশাসক আরও বলেন, আজ মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত জমির মালিকের মাঝে ২,৫৮,৩৪,০৫৬/-টাকার চেক বিতরণ করা হয়েছে। পুরো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি করা হয়েছে। ডিজিটাল ও সহজ প্রক্রিয়ায় সরাসরি প্রকৃত মালিকদের হাতে এই ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
ক্ষতিপূরণের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাভোগীরা। তারা জানান, কোনো ধরনের দালালের দৌরাত্ম্য বা বাড়তি ঝামেলা ছাড়াই সরাসরি জেলা প্রশাসন থেকে চেক পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং ক্ষতিপূরণ গ্রহণকারী ভূমির মালিকরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply