
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া শেখ সাদী সুমন।
দীর্ঘ দেড় দশক পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচন। নির্বাচনকে ঘিরে স্থানীয় সদস্য ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ৫ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিটের ৭টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং পাঁচটি সদস্য পদে এ মনোনয়নপত্র দাখিল করেন।
রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ.বি.এম তৈমুর জানান, ২০১২ সালে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে দীর্ঘদিন এটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। ১৫ বছর পর ভোটের সুযোগ আসায় সদস্যদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
পদভিত্তিক প্রার্থী তালিকা:
ভাইস চেয়ারম্যান (১টি পদ): প্রতিদ্বন্দিতা করছেন ৪ জন। তাঁরা হলেন—বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, মো. আমীর হোসেন এবং ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি (১টি পদ): লড়ছেন ৭ জন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান সেক্রেটারি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. হারুন অর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান এবং মো. শাহ ওয়াসিম।
কার্যনির্বাহী সদস্য (৫টি পদ): পাঁচটি সদস্য পদের বিপরীতে সর্বমোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী সময়সূচি ও ভোটার পরিসংখ্যান:
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়। আজ ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৯ হাজার ৪৬৬ জন আজীবন সদস্য এবং ১ হাজার ১৭৯ জন বার্ষিক সদস্য হিসেবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে বিপুল সাড়া জেগেছে। একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।”
© All rights reserved © 2023
Leave a Reply