
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়নে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও চারা গাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সবুজ শিক্ষালয় ও রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. একরামুল হক।
বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের চেয়ারম্যান আবুল কাশেম, রামভদ্র আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বানন্দ ইউনিয়ন শাখার আমির মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। তবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও চারা গাছ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply