
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ), ঢাকা বাংলাদেশ-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ, ক্রেস্ট ও মেডেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মো. সেলিম আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তোমাদের সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তোমরা সবাই খুব সুন্দরভাবে পড়াশোনা করছ। তোমাদের স্কুলের সুনাম আমি অনেক দিন ধরেই শুনে আসছি। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের জন্য আরও জায়গা বৃদ্ধি কিংবা অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করতে। এ বিষয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, “আজ যারা এই সাফল্য অর্জন করেছ, তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভকামনা। ভবিষ্যতে তোমরা আরও ভালো ফলাফল করবে। তোমাদের মধ্যে কেউ প্রকৌশলী, কেউ বিসিএস কর্মকর্তা, কেউ চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করবে—এটাই আমার প্রত্যাশা।”
পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply