
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় একটি দ্বিতল ভবনের নিচতলায় থাকা টিসিবির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন আলী উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার অভিযান চালিয়ে গোডাউনের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আগুন নেভাতে গিয়ে নয়ন আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
© All rights reserved © 2023
Leave a Reply