
জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাসভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্তে ক্যাম্পাসজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান গত ১০ জুন বাসভাড়া মওকুফের ঘোষণা দেন। পরে ১৪ জুলাই অফিস আদেশের মাধ্যমে সিদ্ধান্তটি কার্যকর হয়। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা জানান, বাসভাড়া মওকুফের ফলে বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা উপকৃত হবেন। এতে যাতায়াত ব্যয় কমবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া সহজ হবে।
শিক্ষক ও কর্মকর্তারাও মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাঁদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে এবং প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়াবে।
উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী সীমিত আর্থিক সামর্থ্যের পরিবার থেকে আসে। তাদের যাতায়াতের ব্যয় কমিয়ে নির্বিঘ্নে শিক্ষা ও গবেষণায় মনোযোগী হওয়ার সুযোগ তৈরি করতেই বাসভাড়া মওকুফ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীকল্যাণ, গবেষণা, স্বচ্ছ প্রশাসন ও একাডেমিক উৎকর্ষের মাধ্যমে পবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষার্থীকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পবিপ্রবির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
© All rights reserved © 2023
Leave a Reply