
বিশেষ প্রতিনিধি: মো. জাহির খান
দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে আবারও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মীরসরাইবাসী। দ্বিতীয় দফায় সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বন্যাকবলিত প্রায় ৩৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।
সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে স্বেচ্ছাসেবীরা সরাসরি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। প্রতিটি সহায়তা প্যাকেটে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, পেঁয়াজ, সাবান, খাওয়ার স্যালাইন, প্লাজিল ট্যাবলেট এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিমসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
ত্রাণ কার্যক্রমের শুরুতে সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদীতীরবর্তী বন্যাকবলিত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়। পরে বাঁশখালী উপজেলার বাহারছড়া, ইলশা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও ওষুধ পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে মীরসরাইবাসীর এমন সহযোগিতা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।
এর আগে বন্যা পরিস্থিতির শুরুতেই প্রথম দফায় বাঁশখালী উপজেলার প্রায় ৩৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় আরও বৃহত্তর পরিসরে খাদ্য ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মীরসরাইয়ের একদল মানবিক স্বেচ্ছাসেবী।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ীর আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গম এলাকায় পৌঁছে প্রয়োজনীয় সহায়তা বিতরণ সম্ভব হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত মানুষের প্রয়োজন অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply