
বিশেষ প্রতিনিধি: মোঃ জহির খান
মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ ছয়ঘরিয়া গ্রামবাসী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে তারা খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন।
গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে সংগৃহীত ত্রাণসামগ্রী নিয়ে একটি প্রতিনিধি দল বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
উদ্যোক্তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা ছয়ঘরিয়া গ্রামবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্দিনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় সচেতন মহল এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এমন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply