
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর এলাকায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বালু উত্তোলন প্রতিরোধে কয়েক হাজার গ্রামবাসী দেশীয় অস্ত্র হাতে দিনভর নদীপাড়ে অবস্থান নিয়ে পাহারা দিয়েছেন। সোমবার (২৯ জুন) সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানীনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের নারী-পুরুষ পদ্মা নদীর তীরে জড়ো হন। স্থানীয়দের অভিযোগ, সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জনের একটি দল নদীপথ ও স্থলপথে এসে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা চালায়। স্থানীয় কয়েকজন বাধা দিলে তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক বালু উত্তোলনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। পরে খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বহুবার ক্ষতিগ্রস্ত হয়ে তারা নদী রক্ষা বাঁধের পাশে নতুন করে বসতি গড়েছেন। দীর্ঘদিন ধরে তারা উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের কাছে বাঁধসংলগ্ন এলাকায় বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসছেন। তাদের আশঙ্কা, বাঁধের নিচ থেকে বালু উত্তোলন করলে কয়েক হাজার বিঘা ফসলি জমি, অসংখ্য বসতবাড়ি এবং শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে। গ্রামবাসীর ভাষ্য, “নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দেব, তবুও পদ্মা থেকে বালু তুলতে দেব না।” চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
© All rights reserved © 2023
Leave a Reply