
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার ২০২৬-২০২৭ অর্থবছরের জি.আর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার পাঁকা ইউনিয়নের হাসানপুর লক্ষ্মীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় জেলা প্রশাসক বলেন, নদীভাঙন রোধে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্টরা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সরকারের এ খাদ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
Leave a Reply