
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে নাচোল উপজেলা প্রশাসন ও নাচোল পৌরসভার যৌথ উদ্যোগে এ দুটি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকালে নাচোল পৌরসভার মাস্টারপাড়া মোড়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিংকা দাস। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে নাচোল উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার নায়েবে আমির মো. রফিকুল ইসলাম এবং নাচোল উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রইস উদ্দিন। এ ছাড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ডেঙ্গুমুক্ত নাচোল গড়ে তুলতে সরকারি উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। তারা এসব কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply