
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইলে ১৯৯৬ সালের ১ জুন বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শহিদ মো. জসিম উদ্দিনের পরিবার দীর্ঘ ২৯ বছর পরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।
শহিদ জসিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক আবেদনে উল্লেখ করেন, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দ গ্রামে অনুষ্ঠিত একটি নির্বাচনী কর্মী সমাবেশে ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ২৪ জন নিহত হন। ওই ঘটনায় নিহতদের মধ্যে তাঁর পিতা মো. জসিম উদ্দিনও ছিলেন, যার নাম শহিদদের তালিকায় ৭ নম্বরে রয়েছে।
আবেদনে তিনি জানান, ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিমর্মরের উদ্বোধন করেছিলেন। তবে দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও শহিদ পরিবারের সদস্যরা কোনো ধরনের রাষ্ট্রীয় সহায়তা বা আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি।
বাবুল মিয়া আরও জানান, তাঁর মা মোছা. ঝরনা আক্তার, একজন শহিদ পত্নী হিসেবে জীবনের শেষ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করছেন। পরিবারের পক্ষ থেকে শহিদ জসিম উদ্দিনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবেদনকারী পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় তাদের আবেদনটি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply