
সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল নড়াইল*
লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কালাম প্লাজার মালিক ও প্রবাসী কালামকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জুন রাত ১০টার দিকে লক্ষ্মীপাশা থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি নড়াগাতী থানার কাঠাদুরা গ্রামে ফিরছিলেন কালাম। পথে দিঘলিয়া চৌরাস্তা পার হওয়ার পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর কারণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
হামলার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাতের তীব্রতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত কালাম গোপিনাথপুর গ্রামের সততা হাসপাতালের বিল্ডিং মালিক। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে।
এ ঘটনায় লোহাগড়া থানার পরিদর্শক [তদন্ত] অজিদ কুমার রায় বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এলাকায় এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply