
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।
মামলার আবেদনে আরও আসামি করা হয়েছে সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে।
আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে। বাদীর দাবি, টিকা আমদানিতে জটিলতা এবং কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির অবনতি ঘটে।
শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বিদেশি ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া বন্ধ ও টেন্ডার জটিলতার কারণে সারাদেশে হাম ছড়িয়ে পড়ে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
এর আগে গত ২০ মে টিকা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে UNICEF–এর প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, অর্থের অভাব নয়, বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই সংকট তৈরি হয়।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬২০ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply