
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকে করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছিলেন নিম্নআয়ের এসব মানুষ। রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেলে যাত্রীরা রডের নিচে চাপা পড়ে হতাহত হন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, নিহত ও আহতদের বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
© All rights reserved © 2023
Leave a Reply