
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় নূর ই সাফি (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. সাকির আলী (২৩)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসায় পাঠদান চলাকালে শিক্ষক সাকির আলী হঠাৎ ক্ষিপ্ত হয়ে কাঠের স্কেল দিয়ে শিশু শিক্ষার্থী নূর ই সাফিকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ভুক্তভোগী পরিবারের দাবি, মাদরাসার সিসিটিভি ফুটেজে নির্যাতনের পুরো ঘটনা ধরা পড়েছে। ফুটেজে শিক্ষককে শিশুটির গলা টিপে ধরতে ও মারধর করতে দেখা যায় বলে জানিয়েছেন স্বজনরা।
শিশুটির মামা মো. মোখলেসুর রহমান জানান, এর আগেও অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় শিশুটিকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাতেন। বিষয়টি পরিবার থেকে শিক্ষককে জানিয়ে সতর্ক করা হলেও তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার দিন শিশু শিক্ষার্থী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের নির্যাতনের কথা জানায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন তারা। এ ঘটনায় মো. মোখলেসুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাকির আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply