
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।
এরপরে একে একে তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অতীশ দাস রাজিব ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিকেলে তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply