
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটজেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি ২ নং স্পার বাঁধ এলাকায় তিস্তা নদীর চরে গড়ে উঠেছে সূর্যমুখীর এক মনোমুগ্ধকর বাগান। তিন বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষক আবু বক্কর সিদ্দিক।
সূর্যমুখীর হলুদ আভায় ভরে উঠেছে তিস্তার চর। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এ বাগানে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রেমিক-প্রেমিকা ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই এখানে এসে ছবি তুলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন প্রকৃতির এই অনন্য দৃশ্য।
দর্শনার্থীদের প্রবেশের জন্য ২০ টাকা করে টিকিট নির্ধারণ করেছেন কৃষক। কেউ ফুল ছিঁড়ে ফেললে ৫০০ টাকা জরিমানা এবং টিকিট ছাড়া প্রবেশ করলে ৫০ টাকা জরিমানার নিয়ম চালু রয়েছে বলে জানান তিনি। বাগানের শৃঙ্খলা ও ফুলের সুরক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, তিন বিঘা জমিতে এবার সূর্যমুখী চাষ করেছেন। সব কিছু ঠিক থাকলে এ মৌসুমে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন। তিনি জানান, চরের জমিতে তামাকের বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষ লাভজনক হওয়ায় ভবিষ্যতে আবাদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা বলছেন, তিস্তার চরে সূর্যমুখী চাষ শুধু কৃষকের আর্থিক লাভই নয়, এলাকাকে নতুনভাবে পরিচিত করে তুলছে। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য।
© All rights reserved © 2023
Leave a Reply