
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে একটি মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রবাসে থাকা তার সহকর্মীরাই প্রথমে পরিবারের সদস্যদের বিষয়টি নিশ্চিত করেন।
জাহেদের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার কিছুক্ষণ পর সহকর্মীদের মাধ্যমে তারা জাহেদের মৃত্যুর খবর পান।
পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, জাহেদ নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কয়েক দিনের ব্যবধানে সন্দ্বীপের দুই প্রবাসীর প্রাণহানি ঘটেছে। এর আগে গত রোববার বাহরাইনে হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। একই এলাকার দুই প্রবাসীর মৃত্যুতে সন্দ্বীপজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
© All rights reserved © 2026
Leave a Reply