
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন আনন্দ মোহন কলেজের দুই শিক্ষার্থী। তাদের একজন পালিয়ে বাঁচলেও নিখোঁজ থাকা অপর শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৬) মরদেহ দুই দিন পর নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে নগরের জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও সহপাঠী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নদের বিপরীত চরে ঘুরতে যান। সন্ধ্যা ছয়টার দিকে অন্তত সাতজনের একটি ছিনতাইকারী দল তাদের ঘিরে ধরে। নৌকা ভাড়া ছাড়া আর টাকা নেই জানালে দুজনকে মারধর করা হয়।
একপর্যায়ে শাওন প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করা হয়। পরে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে চারজন শাওনের এবং তিনজন রিয়াদের পিছু নেয়। রিয়াদ নদে নেমে বালুশ্রমিকদের কাছে আশ্রয় নেন। শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে একজনকে আটক করেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং রিয়াদকে উদ্ধার করে।
শাওনকে চরের আশপাশে খোঁজ করেও পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে নদের পাড়ে তার ব্যাগ ও জুতা উদ্ধার হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে তল্লাশি চালালেও সন্ধান মেলেনি।
শুক্রবার রাতে নৌকার মাঝিরা চরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার খবর পেয়ে সহপাঠীরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শাওনের মা সাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন। সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে ১৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply