
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর (মাঝাপাড়া) গ্রামের দম্পতি মো. আহেমুল ইসলাম ও মাসুদা বেগমের তিন বছর বয়সী ছোট মেয়ে আয়শা সিদ্দিকা। জন্মের মাত্র ৬ মাস পর শিশুটির হার্টে বড় একটি ছিদ্র ধরা পড়ে। সেই থেকে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুটি।চিকিৎসকরা জানিয়েছেন, আয়শার দ্রুত অস্ত্রোপচার করা গেলে হয়তো তার জীবন রক্ষা করা সম্ভব হবে।
এর জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। কিন্তু আর্থিক টানাপোড়েনের সংসারে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। অসুস্থতার কারণে শিশুকালের আনন্দ-উল্লাস যেন হারিয়ে যাচ্ছে ছোট আয়শার জীবন থেকে।গতকাল (২৮ অক্টোবর) দিনাজপুর টিভি প্রতিনিধি সরেজমিনে শিশু আয়শা সিদ্দিকা ও তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় শিশুটির মা-বাবা ও প্রতিবেশীরা সন্তানের চিকিৎসার ব্যয়বহুল খরচ মেটাতে সমাজের মানবিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের সহায়তার মাধ্যমে এগিয়ে আসার আকুল আবেদন জানান।
আয়শা সিদ্দিকার বাবা আহেমুল ইসলাম বলেন,”আদরের মেয়ে আমাদের, সবার চোখের মণি। জন্মের পর হার্টে ছিদ্র দেখা দেয়। এখন অপারেশন করতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা লাগবে। এত টাকা কোথা থেকে আসবে জানি না। আমি অসহায় বাবা, একার পক্ষে এত টাকা জোগান দেওয়া কষ্টকর হয়ে গেছে। ডাক্তার বলেছেন, দ্রুত অপারেশন না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
তিনি আরও জানান, আসছে ডিসেম্বর মাসে মেয়ের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় কেউ যদি আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করেন, তবে তাদের জন্য দোয়া থাকবে।শিশু আয়শার মা মাসুদা বেগম বলেন, “মেয়েটা আমার সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরুক এটাই চাই। দিন দিন অবস্থা তো অবনতির দিকে যাচ্ছে। মেয়েটার কী হবে, সারাক্ষণ এই চিন্তাই করছি। অনেক টাকার প্রয়োজন, আমাদের তো এত টাকা নেই।”
স্থানীয় প্রতিবেশীরা জানান, তারা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু অস্ত্রোপচারের জন্য এত টাকা আয়শার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তারা শিশুটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানান।মানুষ মানুষের জন্য’—এই ব্রতকে সামনে রেখে শিশু আয়শা সিদ্দিকার সুস্থতার জন্য আমরা সবাই সাহায্য-সহযোগিতায় অংশগ্রহণ করতে পারি।আয়শা সিদ্দিকার পরিবারের সঙ্গে যোগাযোগ ও আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: মোবাইল (বিকাশ/নগদ): ০১৩১৯১৭৮১৪৪ (বাবার নাম্বার)
© All rights reserved © 2023
Leave a Reply