1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ন্যায় বিচারের আশ্বাসে টাকা,ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব ও হুমকি - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ন্যায় বিচারের আশ্বাসে টাকা,ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব ও হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের কর্মকর্তা পরিচয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়া, পরে অনৈতিক প্রস্তাব ও কারাগারে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, টাকা ফেরত চাইতে গেলে তাকে অনৈতিক কাজে রাজি হতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় বড় ধরনের ক্ষতি ও গ্রেপ্তারের ভয় দেখানো হয়।
এ ঘটনায় ২৫ বছর বয়সী ওই নারী মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত নুর আলম সিদ্দিকী সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি সংস্থার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিচয় দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী- নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ওই মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকীর সঙ্গে তার পরিচয় হয়। নিজেকে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রকাশের আশ্বাস দেন নুর আলম। বিনিময়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন তিনি।
সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হন ভুক্তভোগী। অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নুর আলম তাকে নিজের বাসায় নিয়ে প্রথম দফায় ১০ হাজার টাকা নেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা আদায় করেন। সব মিলিয়ে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় টাকা ফেরত চান ওই নারী। অভিযোগ, এ সময় নুর আলম তাকে নিজের বাসায় ডেকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে বড় ধরনের ক্ষতি করা এবং গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ভয় দেখান।
স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসায়ী, দাদন ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ে কথিত মানবাধিকার কমিশনের উপজেলা কমিটি গঠন করেছেন নুর আলম। এই পরিচয় ব্যবহার করে তিনি ও তার সহযোগীরা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার ও হয়রানির চেষ্টা করেন। বিভিন্ন স্থানে যত্রতত্র ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয়দের আরও অভিযোগ, ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেন তারা। এসব কর্মকাণ্ডে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে, বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটির নিবন্ধন ২০২০ সালে বাতিল করে এনজিও বিষয়ক ব্যুরো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ব্যুরোর ২০২০ সালের ২ জুলাই জারি করা আদেশে সংস্থাটির নিবন্ধন নম্বর ১৬০৫ বাতিলের কথা উল্লেখ রয়েছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬-এর ১৫ ধারার (খ) উপধারা অনুযায়ী নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে নিবন্ধন বাতিলের কারণ হিসেবে বিদেশি অনুদানের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, নিবন্ধন নবায়নে বিলম্ব এবং সংস্থার নাম থেকে ‘কমিশন’ শব্দ বাদ দেওয়ার নির্দেশনা অমান্য করার বিষয় উল্লেখ করা হয়।
নিবন্ধন বাতিলের পর ওই সংস্থা কোনো কার্যক্রম পরিচালনা করলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার বা আদালতের বিশেষ আদেশে গঠিত কমিশন ছাড়া অন্য কোনো বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার নামে ‘কমিশন’ শব্দ ব্যবহার আইনানুগ নয় বলেও আদেশে বলা হয়।
অভিযোগের বিষয়ে নুর আলম সিদ্দিকী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, অন্যের প্ররোচনা বা ভুল পরামর্শে ওই নারী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। ওই নারীর বাবা-মা না থাকায় সহযোগিতার প্রত্যাশায় তার কাছে এসেছিলেন এবং মানবিক মূল্যবোধ থেকে পাশে দাঁড়ানো ও সহযোগিতা করার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, কথিত মানবাধিকারকর্মী নুর আলমকে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে ইতোপূর্বে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবুও তিনি এসব কর্মকাণ্ড থেকে বিরত হননি।
অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি