1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলছেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বলছেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কৃষিজমি ও বসতবাড়ির পাশে গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটার চিমনি থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ধোঁয়া ও ধুলাবালিতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকি। কুড়িগ্রাম জেলায় এমন ১০৮টি ইটভাটার মধ্যে ৭০টিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বছরের পর বছর এসব ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

সরেজমিনে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাতলামারী এলাকায় গিয়ে দেখা যায়, কৃষিজমি ও বসতবাড়ির কাছেই গড়ে উঠেছে টিএসবি ব্রিকস নামের একটি ইটভাটা। ভাটার চিমনি দিয়ে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে ইট পোড়ানো হচ্ছে। ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এতে ফসলের ক্ষতির পাশাপাশি শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটার কার্যক্রম চলাকালে আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাতাসের সঙ্গে ধোঁয়া ও ধুলাবালি বসতবাড়িতে প্রবেশ করে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কৃষিজমির পাশেই ভাটা থাকায় ফসলের ক্ষতি নিয়েও উদ্বেগ রয়েছে তাদের। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

শুধু কাতলামারী নয়, জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আরও অনেক ইটভাটা। অভিযোগ রয়েছে, এসব ভাটার বেশির ভাগই পরিবেশবিধি ও প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে পরিচালিত হচ্ছে। এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকা কিছু ইটভাটার বিরুদ্ধেও বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় মোট ইটভাটার সংখ্যা ১০৮টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৩৮টির। বাকি ৭০টি ইটভাটার কোনো বৈধ ছাড়পত্র নেই। অর্থাৎ জেলার মোট ইটভাটার প্রায় ৬৫ শতাংশই চলছে পরিবেশগত ছাড়পত্র ছাড়া। এসব ভাটায় নিয়মিত ইট পোড়ানোর ফলে পরিবেশদূষণের ঝুঁকি বাড়ছে।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইটভাটার কালো ধোঁয়া বায়ুদূষণের অন্যতম কারণ। বিশেষ করে কৃষিজমি ও জনবসতির কাছাকাছি ইটভাটা স্থাপন করা হলে এর বিরূপ প্রভাব পড়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর। ইট তৈরির জন্য উপরিভাগের মাটি সংগ্রহের কারণেও কৃষিজমির উর্বরতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ভাটার ধোঁয়া ও ধুলাবালি মানুষের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

স্থানীয় শাহিন আলম সাংবাদিকদের  বলেন, বছরের পর বছর ধরে যেসব ইটভাটা পরিবেশের ক্ষতি করে আসছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অবৈধ ইটভাটার তালিকা ধরে দ্রুত অভিযান চালাতে হবে। একই সঙ্গে কৃষিজমি, বসতবাড়ি ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

পাপ্পু মিয়াজি সাংবাদিকদের বলেন, দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা না হলে পরিবেশ বিপর্যয় ঘটবে। আমরা চাই দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধ করা হোক।

এ অবস্থায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শুধু জরিমানা করে কিংবা সাময়িক অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। যেসব ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই, সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ছাড়পত্র থাকা ভাটাগুলোও নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম সাংবাদিকদের  বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। খুব শিগগিরই জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি