
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধী।
বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বহিষ্কৃত নেতাদের দলে ফেরার আবেদন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের খবর শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দৈনিক কালবেলায় প্রকাশিত রুহুল কবির রিজভীর বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে রুমিন ফারহানা এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
রুমিন ফারহানার শেয়ার করা ওই ফটোকার্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের কেউ কেউ ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় কারও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি হলে কিংবা কারও অপরাধ ততটা গুরুতর না হলে তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর ওই বক্তব্যের খবর শেয়ার করে রুমিন ফারহানার এমন মন্তব্য তাঁর বিএনপিতে ফেরা নিয়ে চলমান নানা আলোচনা ও জল্পনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। তবে নিজের বক্তব্যে তিনি দলে ফেরার আবেদন করার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।
© All rights reserved © 2026
Leave a Reply