
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং মাটির উর্বরতা, নিরাপদ খাদ্য উৎপান ও স্বাস্থ্য সুরক্ষায় কুড়িগ্রামে কৃষকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়। লুমিনাস গ্রুপের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে স্থানীয় তিন শতাধিক কৃষক অংশ নেন।
সেমিনারে মূল প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন লুমিনাস গ্রুপের পরিচালক আর এম রাসেল। তিনি বর্তমান সময়ে মাটির ক্ষয়, রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদনশীলতা ধরে রাখার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণকালে কৃষকদের মাটির স্বাস্থ্য পরীক্ষা, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, সুষম সার প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত কৃষকেরা মাঠে চাষাবাদ করতে গিয়ে মাটির গুণগত মান ও ফলন নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লুমিনাস মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন ও শামসুজ্জামান, মার্কেটিং ম্যানেজার বিপিন চন্দ্র বর্মন সহ স্থানীয় প্রতিনিধি ইশরাত জাহান ইলা প্রমুখ।
আয়োজকেরা জানান, প্রান্তিক ও সাধারণ কৃষকদের আধুনিক ও টেকসই কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। সেমিনার শেষে অংশগ্রহণকারী কৃষকেরা মাটির যত্ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে অংশ নেয়া কৃষক কবির হোসেন বলেন,
“অতিরিক্ত সারে খরচ বাড়ছে, নষ্ট হচ্ছে মাটির গুণ। সুষম সার ও পরিবেশবান্ধব চাষের সমাধান পেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন ভরসা পেলাম।”
আরেক কৃষক আমজাদ মিয়া বলেন, “আন্দাজমতো রাসায়নিক সার দেওয়ায় মাটি শক্ত ও অনুর্বর হয়ে যাচ্ছিল। মাটি পরীক্ষা করে জৈব সার বাড়ানোর যে পরামর্শ পেলাম, তা মানলে মাটি ও ফসল দুটোই বাঁচবে।”
© All rights reserved © 2026
Leave a Reply