
লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে শিক্ষা বোর্ডে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের লিখিত আবেদন
মোঃ সবুজ সরদার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পূর্বে অনুমোদিত সভাপতি মনোনয়নের পর একই অনলাইন আবেদন ও পূর্ববর্তী নথির সূত্র উল্লেখ করে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে নতুন সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, আইনগত ভিত্তি ও যথাযথ প্রশাসনিক পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না, তা জানতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এ কে এম কামরুল হাসান।
আবেদনে বলা হয়, ২০২৬ সালের ২০ এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে জেলা প্রশাসক, নড়াইলের কাছে চারজন আগ্রহী প্রার্থীর নাম প্রস্তাব করে বিদ্যালয়ের পক্ষ থেকে পত্র পাঠানো হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ২৮ জুনের পত্র এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করে সভাপতি মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিদ্যালয়ের ১৩ জুলাই ২০২৬ তারিখের অনলাইন আবেদন (আইডি নম্বর-৩৮২৩৯)-এর পরিপ্রেক্ষিতে ২ আগস্ট ২০২৬ তারিখে শিক্ষা বোর্ডের পত্রে মো. সাজ্জাদ হোসেন সিকদারকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাজ্জাদ হোসেন সিকদার বিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা নিরসন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, প্রতিষ্ঠানের সম্পত্তি সংরক্ষণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা পালন করেন। সাবেক প্রধান শিক্ষক কে. এম. রেজাউল ইসলামের দায়িত্বকালীন সময়ে বিদ্যালয়ের জমি হস্তান্তর, সেলাই মেশিনের অনুপস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের বিষয়টিও আবেদনে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে চলমান বিচারিক কার্যক্রম থাকায় বিদ্যালয়ের স্বার্থ রক্ষায় পূর্ববর্তী সভাপতির অভিজ্ঞতা ও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
তবে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে একই অনলাইন আবেদন ও পূর্ববর্তী নথির সূত্র উল্লেখ করে মো. সাচ্চু মিয়াকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, জেলা প্রশাসকের কার্যালয়ের ২৮ জুন ২০২৬ তারিখের পত্রে প্রস্তাবিত চারজনের তালিকায় মো. সাচ্চু মিয়ার নাম ছিল না। এমনকি নতুন সভাপতি মনোনয়নের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নতুন আবেদন, প্রস্তাব, সুপারিশ কিংবা লিখিত সম্মতিও দেওয়া হয়নি।
এদিকে, নতুন সভাপতি মনোনয়নের সিদ্ধান্তের আগে পূর্বে মনোনীত সভাপতি মো. সাজ্জাদ হোসেন সিকদারকে কোনো লিখিত নোটিশ বা সিদ্ধান্তের অনুলিপি দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন। একইভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নতুন মনোনয়নের বিষয়ে আগে থেকে অবহিত করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে পূর্ববর্তী মনোনয়ন পরিবর্তনের ক্ষেত্রে কী প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বা মতামত নেওয়া হয়েছিল কি না এবং একই অনলাইন আবেদনের ভিত্তিতে নতুন মনোনয়ন দেওয়ার বিধিগত ভিত্তি কী—এসব বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আবেদনে ১৬ নভেম্বর ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে পূর্ববর্তী সভাপতি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলে প্রত্যয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সভাপতি মনোনয়নের বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো নতুন প্রস্তাব বা সম্মতি দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।
এ অবস্থায় শিক্ষা বোর্ডের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাবিগুলোর মধ্যে রয়েছে, ১৫ নভেম্বর ২০২৬ তারিখে নতুন সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ব্যবহৃত মূল আবেদন, প্রস্তাব, সুপারিশ ও সংশ্লিষ্ট ডিজিটাল রেকর্ড যাচাই; বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন কোনো আবেদন বা লিখিত সম্মতি না থাকলে মনোনয়নের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া ব্যাখ্যা; পূর্ববর্তী নথিপত্র ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র বিবেচনায় নিয়ে নতুন মনোনয়ন আদেশ পুনর্বিবেচনা; বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন আদেশের কার্যকারিতা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী লিখিত সিদ্ধান্ত প্রদান।
বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা, সম্পত্তি ও আর্থিক স্বার্থ সংরক্ষণ এবং চলমান বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব এনামুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে বোর্ডে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি পর্যালোচনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এখন সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, পূর্বে অনুমোদিত সভাপতি মনোনয়ন পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না এবং একই অনলাইন আবেদন ও পূর্ববর্তী নথির ভিত্তিতে নতুন সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত কতটা বিধিসম্মত। বিষয়টির স্বচ্ছ ব্যাখ্যা ও সুষ্ঠু নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
© All rights reserved © 2026
Leave a Reply