
শেখ সাদী সুমন জেলা প্রতি নিধী ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়ানি আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে জবরদস্তি তালাবদ্ধ করে রাখা একটি বাণিজ্যিক দোকানঘর খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত, ব্রাহ্মণবাড়িয়া গত ০৮/১১/২০২৬ খ্রি. তারিখের এক আদেশে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেন। একই সাথে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে আদালতের এই আদেশ বাস্তবায়ন করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার পটভূমি:
আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল মৌজার সি.এস খতিয়ান নং-৮১, এস.এ খতিয়ান নং-৯৮ এবং এস.এ ১৯৪/১৯৫ দাগের ৫৪ শতক বাড়ি ও দোকান পাঠের মালিকানা নিয়ে ‘দীপক বনিক’ বনাম ‘কানু বনিক গং’-এর মধ্যে দেওয়ানি মোকাদ্দমা নম্বর- ৩৬৪/২০২২ (পূর্বের দেওয়ানি মোকাদ্দমা নং- ১৮/২০১৩) আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত মামলার তফসিলাধীন চার শার্টারযুক্ত একটি দোকানে ১৯ নম্বর বিবাদী দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিগত ২০১৭ সালের ২৮ এপ্রিল আদালতের পক্ষ থেকে স্থিতাবস্থা (Status-quo) বজায় রাখার আদেশ থাকা সত্ত্বেও, ৯ নম্বর বিবাদী খালেদ রেজা চৌধুরী পুলিশ প্রশাসনের সহায়তায় ১৯ নম্বর বিবাদীর দোকানটি তালাবদ্ধ করে দেন এবং তার ব্যবসা বন্ধ করে রাখেন।
হাইকোর্টের রায় ও আইনি লড়াই:
দোকানের তালা খুলে দেওয়ার জন্য এর আগে বিজ্ঞ নিম্ন আদালতে আবেদন করা হলে, আদালত ২০১৭ সালের ১৬ আগস্ট দোকান খুলে দেওয়ার আদেশ দেন। নিম্ন আদালতের উক্ত আদেশের বিরুদ্ধে ৯ নম্বর বিবাদী হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নম্বর- ৩৯২৭/২০১৮ দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২৩/০৪/২০২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ সেই রিভিশন আবেদনটি না-মঞ্জুর (dismiss) করেন।
হাইকোর্টের রায়ের পর উক্ত আদেশ বাস্তবায়নে আইনগত কোনো বাধা না থাকায় ১৯ নম্বর বিবাদী শাহীন রেজা চৌধুরী পুনরায় আদালতের দারস্থ হন।
আদালতের সর্বশেষ নির্দেশনা:
উভয় পক্ষের আইনি যুক্তি ও সার্বিক দিক বিবেচনা করে বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত দেওয়ানি কার্যবিধি আইনের (CPC) ১৯০৮ এর ৯৪এ ধারার বিধান অনুযায়ী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবিলম্বে তফসিলাধীন তালাবদ্ধ দোকান ঘরের দখল ১৯ নম্বর বিবাদীকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী বিবাদীপক্ষ।
© All rights reserved © 2026
Leave a Reply