
মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:
কিশোরদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মসজিদমুখী করার লক্ষ্যে বান্দরবানের পশ্চিম বালাঘাটায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় এক কিশোরকে উৎসাহ হিসেবে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
বান্দরবান সদর উপজেলার পশ্চিম বালাঘাটা জামে মসজিদে এ আয়োজন করা হয়। তাহসিনা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের সৌজন্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু তৈয়বের উদ্যোগে শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বালাঘাটা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তৈয়ব। সঞ্চালনা করেন মসজিদের খতিব মাওলানা জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ওছমান বিন আফ্ফান (রা.) নূরানী একাডেমির অধ্যক্ষ এস এম তারেকুর রহমান,হেফজখানার পরিচালক হাফেজ আব্দুর রশিদ, মসজিদ কমিটির অর্থ সম্পাদক হারুন অর রশীদ মিয়া, সহকারী ইমাম হাফেজ জাভেদ,নূরানী শিক্ষক মাওলানা ওসমান গণি,অভিভাবক মো. মিজানুর রহমান’সহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. রাইয়ান অনুভূতি প্রকাশ করে বলেন, “আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়তে আমরা মসজিদে আসতাম। এ ধরনের পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে।”
তাহসিনা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের এমডি আবু তৈয়ব বলেন, “কিশোর সমাজকে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও দ্বীনের পথে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, কিশোরদের নামাজ ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2023
Leave a Reply