
নেত্রকোনা থেকে,কামরুল হাসান
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বারহাট্টা উপজেলার তিন ব্যক্তির বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে শুনই মুজিবনগর বাজার সড়কে বাড়ি ফেরার পথে সাংবাদিক ও স্থানীয় সমাজকর্মী বদরুজ্জামান টিটুর পথরোধ করে অভিযুক্তরা। পরে তাকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়, মুখ ও গলায় কাপড় চেপে ধরে শ্বাসরোধ করে অজ্ঞান করে ফেলা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেওয়া হয় এবং লোহার রড দিয়ে হাঁটুতে আঘাত করা হয়। অভিযুক্তরা তার ব্যবহৃত একটি আইফোন, একটি অপো মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে শুনই বাজারে নিয়ে আসে। ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
© All rights reserved © 2023
Leave a Reply