
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, তথ্য অফিসার রুপ কুমার বর্মনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। কর্মশালায় তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জনগণ সহজে সরকারি তথ্য প্রাপ্তির সুযোগ পাবে, যা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য অধিকার আইন বাস্তবায়নে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর বাস্তবায়নে করণীয় বিষয়ে অংশ গ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply