
মোহাম্মদ রাসেল:(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করার পাশাপাশি একটি সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকারে ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান। তিনি জানান, ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ একটি সামাজিক আন্দোলন হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, চুরি ও কিশোর অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে জয়সিদ্ধি ইউনিয়নকে একটি অপরাধমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।
পলাশ রহমান জানান, সম্প্রতি জয়সিদ্ধি ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়ের ছাদ, পরিত্যক্ত ভবন, খেলার মাঠ ও নিরিবিলি জায়গাসহ নানা স্থানে মাদকসেবীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এসব মাদকসেবী মাদক সংগ্রহের জন্য এলাকায় ছিঁচকে চুরি, গরু চুরি, পানির মোটর চুরি এবং কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ গঠন করা হয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে সংগঠনটি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবে।
© All rights reserved © 2023
Leave a Reply