
মোঃ আশিকুর সরকার (রাব্বি)রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
টানা বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে চরাঞ্চলের একাধিক গ্রাম, তিস্তার পানি ঢুকে পড়েছে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে। বন্যা কবলিত এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের দুর্গম তিস্তার চর তৈয়বখাঁ (মাঝের চর) এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তানজিলা তাসনিম। পরিদর্শনকালে ইউএনও তানজিলা তাসনিম বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে চরের বাসিন্দাদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এছাড়া বন্যা পরিস্থিতিতে পানিবাহিত রোগ বালাই থেকে রক্ষা পেতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং গবাদিপশুর সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসারের সফরসঙ্গী হিসেবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চরাঞ্চলের প্লাবিত এলাকার মানুষের যেকোনো জরুরি প্রয়োজনে প্রশাসনের এই মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রম অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply