
মোহাম্মদ রাসেল: ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এই বিনামূল্যে ক্যাম্পে নারীসহ বিভিন্ন বয়সের মানুষ চোখের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
রোববার (৮ মার্চ) দিনব্যাপী ইটনা পুরাতন বাজারে অবস্থিত ইটনা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে রোগীদের চোখ পরীক্ষা করেন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকরা। পরীক্ষার পর রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ছানি রোগে আক্রান্তদের বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকা করে কিশোরগঞ্জ লতিবাবাদ চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
ক্যাম্পটি আয়োজন করে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, লতিবাবাদ। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ভিশন ইনিশিয়েটিভ ও অরবিস।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ করে গ্রামাঞ্চলের নারী ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসা সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তারা বিনামূল্যে চোখ পরীক্ষা,ছানি অপারেশন ও চিকিৎসা পরামর্শ পাচ্ছেন।
ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা আয়ুব আলী বলেন,আমরা গ্রামে গরীব মানুষ চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা অনেক উপকৃত হলাম।
© All rights reserved © 2023
Leave a Reply