
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি অবৈধ ইটভাটার আট মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি রোববার (১ মার্চ) নিশ্চিত করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।
আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবেশ আইন অমান্য করে ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ইটভাটা সচল রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযানে কিছু ভাটাকে অর্থদণ্ড ও বুলডোজার-স্কেভেটর দিয়ে আংশিকভাবে ভেঙে দেওয়া হলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর মধ্যে দায়ের করা ৫টি মামলায় আট মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।
পরোয়ানা জারি হওয়া মালিকরা হলেন,
থানচি উপজেলার এমএসবি ভাটার মালিক যুবলীগ নেতা আনিসুর রহমান সুজন (মামলা নং-০৩/২৬);
আলীকদম উপজেলার এবিএম ইটভাটার মালিক আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-০৫/২৬);
ইউবিএম ইটভাটার মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন (মামলা নং-০৪/২৬);
এফবিএম ইটভাটার মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রীর ভাই শওকত তালুকদার (মামলা নং-০২/২৬);
এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-০১/২৬)।
পেশকার মাহবুব কাদের জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলাগুলোর শুনানি শেষে আদালত এ পরোয়ানা জারি করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে।
পরিবেশবিদদের মতে, পাহাড়ি জেলা বান্দরবানে অবৈধ ইটভাটা নির্মাণে বন উজাড়, পাহাড় কাটা ও বায়ুদূষণের ঝুঁকি বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
© All rights reserved © 2023
Leave a Reply