
শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডন বস্কো স্কুল এন্ড কলেজ। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মনন গঠনের মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠানটি আজ এ অঞ্চলের একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত হয়েছে।
গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক উৎফুল্ল উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত নিবিড় পরিবেশে অবস্থিত এই ক্যাম্পাসটি শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও আধুনিক শিক্ষাঙ্গন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
প্রতিষ্ঠানটিতে রয়েছে সুবিন্যস্ত শ্রেণিকক্ষ, তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান ব্যবস্থা এবং বিশাল খেলার মাঠ। বাংলা মাধ্যমের পাশাপাশি এখানে নেত্রকোনা জেলার একমাত্র ইংরেজি ভার্সন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান অর্জনে সহায়তা করছে।
সহশিক্ষা কার্যক্রমের বিশেষ দিক সমূহের মধ্যে রয়েছে ডিজিটাল ক্লাসরুম ও আইসিটি নির্ভর শিক্ষা।নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চা।সৃজনশীলতা বিকাশে বিভিন্ন ক্লাব কার্যক্রম। এছাড়াও নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে স্কাউটিং ও স্বেচ্ছাসেবামূলক কাজ।
সম্প্রতি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। তারা শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা বলেন এখানে শুধু পরীক্ষার ফলাফলকে প্রাধান্য দেওয়া হয় না বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে পরিকল্পিতভাবে শিক্ষা দান করা হচ্ছে। ডন বস্কো স্কুল এন্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব উদাহরণ।
অনুরূপ প্রশংসা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী বলেন, এখানকার শিক্ষকদের পেশাদারিত্ব এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ সত্যিই ব্যতিক্রমী।
প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মি. রুমন রাংসা জানান, তারা শিক্ষার্থীদের দলগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে, প্রতিষ্ঠানের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি বিশ্বাস করি, ভালো মানুষ গড়াই সেরা শিক্ষা। আমাদের লক্ষ্য কেবল জিপিএ-৫ নয়, বরং এমন মেধাবী শিক্ষার্থী তৈরি করা যারা জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের দায়িত্বশীল নাগরিক হবে।
প্রতিষ্ঠানটি ২০১০ সালে সেন্ট জেভিয়ার্স স্কুল হিসেবে যাত্রা শুরু করে।
২০১৮ সালে ডন বস্কো কলেজ শাখা প্রতিষ্ঠিত।
বর্তমানে প্রতিষ্ঠানটি শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দুর্গাপুরের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।
মিখায়েল রেমা নামের একজন অভিভাবক বলেন, সন্তানকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়তেই এখানে ভর্তি করেছি।অভিভাবকদের এই আস্থা আর শিক্ষকদের নিরলস পরিশ্রমই ডন বস্কো স্কুল এন্ড কলেজকে দিন দিন অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply