
হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে স্কাউট দল ও গার্লস গাইড দল বর্ণাঢ্য মার্চপাস্টে অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন্নাহার লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, আব্দুল কাদির ও আব্দুল মতিন ফকির। এছাড়া সাবেক সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, প্রবাস চন্দ্র সাহা, সাবেক ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান সজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেম ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। দৌড়, ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
© All rights reserved © 2023
Leave a Reply