
নিজস্ব প্রতিবেদক
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন—এমন একটি হিসাব ইসরায়েলি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশিত হতাহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরায়েল। তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিভুক্ত তথ্যকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। ইসরায়েলের দাবি ছিল, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য যাচাইযোগ্য নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিতভাবে নিহতদের নাম ও বয়সসহ তথ্য প্রকাশ করে থাকে। সর্বশেষ হালনাগাদ তথ্যে সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবর মাসে শুরু হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক মানুষ। পাশাপাশি বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ না থাকলেও অধিকাংশই নারী ও শিশু বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ের তথ্য উদ্ধৃত করে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াইনেটসহ কয়েকটি গণমাধ্যম জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীও প্রায় একই পরিসংখ্যানের সঙ্গে একমত হয়েছে।
ওয়াইনেটকে দেওয়া বক্তব্যে এক সামরিক কর্মকর্তা জানান, তাদের হিসাব অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের এই সংখ্যার মধ্যে ধরা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে নিহতদের মধ্যে কারা যোদ্ধা এবং কারা বেসামরিক—তা নির্ধারণের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, এ সংক্রান্ত যেকোনো তথ্য নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা
© All rights reserved © 2026
Leave a Reply