
হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ প্রদান করা হয়।
প্রথম ধাপে কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-২ ও কিশোরগঞ্জ-৩—এই তিনটি আসনের প্রার্থীদের প্রতীক দেওয়া হয়।
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম ধানের শীষ প্রতীক পান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রিকশা, কাস্তে, মই, কাঁচি, দেয়াল ঘড়ি ও আম প্রতীক লাভ করেন। এ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন মোরগ প্রতীক।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রার্থীরা দাঁড়িপাল্লা, লাঙ্গল, হাতপাখা, ট্রাক ও টেলিভিশন প্রতীক পেয়েছেন। দুইজন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে ময়ূর ও মোটরসাইকেল প্রতীক পান।
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ড. ওসমান ফারুক ধানের শীষ প্রতীক লাভ করেন। এ ছাড়া অন্যান্য দলের প্রার্থীরা দাঁড়িপাল্লা, হাতপাখা, লাঙ্গল, কবুতর ও আম প্রতীক পান। একমাত্র স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীরকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়।
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. ফজলুর রহমান ধানের শীষ প্রতীক পান। অন্যান্য দলের প্রার্থীরা দাঁড়িপাল্লা, হাতপাখা, আম, আপেল ও রিকশা প্রতীক পান। এ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমা পেয়েছেন ফুটবল প্রতীক।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বিএনপি প্রার্থী সৈয়দ এসসানুল হুদা ধানের শীষ প্রতীক লাভ করেন। জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা দাঁড়িপাল্লা, লাঙ্গল ও হাতপাখা প্রতীক পান। অন্যান্য প্রার্থীরা হারিকেন, মোমবাতি, হাঁস ও হরিণ প্রতীক বরাদ্দ পান।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে বিএনপি প্রার্থী মো. শরিফুল আলম ধানের শীষ প্রতীক পান। এ ছাড়া বিভিন্ন দলের প্রার্থীরা হাতপাখা, রিকশা, লাঙ্গল, কাস্তে, আম, মোমবাতি ও আপেল প্রতীক লাভ করেন।
প্রতীক বরাদ্দের মাধ্যমে কিশোরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
© All rights reserved © 2026
Leave a Reply