
শেখ সাদী সুমন | ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে একটি মসজিদের বারান্দা থেকে দুই থেকে চার দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত মসজিদের বারান্দায় শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, শীতের তীব্রতায় কাঁদতে থাকা শিশুটির শব্দ শুনে মুসল্লি ও পথচারীরা এগিয়ে আসেন। খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাহিম মাহিন স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (SCANU) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত।
ঘটনাটিকে ঘিরে এলাকায় মানবিক ও সামাজিক প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, লোকলজ্জার ভয় অথবা কন্যাসন্তান জন্ম নেওয়ার কারণেই নিষ্ঠুরভাবে শিশুটিকে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। একটি ধর্মীয় উপাসনালয়ের সামনে এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বেদনার সৃষ্টি করেছে। অনেকের প্রশ্ন— কন্যাসন্তান হওয়াই কি এই নিষ্পাপ শিশুটির অপরাধ?
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর শিশুটির চিকিৎসা ও সার্বিক খোঁজখবর রাখছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবজাতকের প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ যদি শিশুটির বাবা-মা বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিশুটির পরিচয় নিশ্চিত না হলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের অনুমোদনের মাধ্যমে তাকে কোনো আগ্রহী ও যোগ্য নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা যেতে পারে। এক্ষেত্রে আবেদনকারী পরিবারকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং শিশুটির নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার দিতে হবে।
নিষ্পাপ এই নবজাতকটি যেন একটি মমতাময় আশ্রয়, নিরাপদ ভবিষ্যৎ ও মর্যাদাপূর্ণ জীবন পায়— এটাই এখন ব্রাহ্মণবাড়িয়াবাসীর সম্মিলিত প্রত্যাশা।
© All rights reserved © 2026
Leave a Reply