
বিশেষ প্রতিনিধি জাকিয়া বেগম
গাজীপুরের জয়দেবপুরের ভবানীপুর এলাকায় বাড়ির মালিক কবির হোসেন (৫০) ও তার স্ত্রী মোসা. নাছিমা (৪০)-এর বিরুদ্ধে ভাড়া পরিশোধের পরও ভাড়াটিয়ার আসবাবপত্র আটকে রাখা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়া হাবিবুর রহমান হাবিব (৫৪) জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিউকান্দা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হাবিবুর রহমান জয়দেবপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত চৌধুরী টেক্সটাইল মিলস লিমিটেডে সিকিউরিটি ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ১ আগস্ট থেকে একই বছরের ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পরিবার নিয়ে জয়দেবপুরের ভবানীপুর এলাকার কবির হোসেনের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। এ সময় মাসিক ভাড়া ছিল ৬ হাজার টাকা।
পরবর্তীতে উন্নত চাকরির সুযোগ পাওয়ায় হাবিবুর রহমান ২০২৫ সালের নভেম্বরের শেষ দিকে বাড়ির মালিককে মৌখিকভাবে জানান, তিনি ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত ওই বাসায় থাকবেন এবং এরপর অন্যত্র চলে যাবেন।
২০২৬ সালের ১ জানুয়ারি চাকরি থেকে ছুটিতে এসে তিনি নির্ধারিত ভাড়া পরিশোধ করে বাসার মালামাল নিতে গেলে বাড়ির মালিক কবির হোসেন ও তার স্ত্রী তা আটকে দেন। আটকে রাখা মালামালের মধ্যে রয়েছে—
২টি কাঠের খাট,
২টি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি,
১টি ওয়ার্ডরোব,
২টি সিলিং ফ্যান,
১টি ফ্রিজ,
১টি ড্রেসিং টেবিল,
২টি আলনা ও
বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।
ভাড়াটিয়ার দাবি অনুযায়ী, এসব আসবাবপত্রের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা।
ভুক্তভোগীর অভিযোগ, মালামাল ফেরত দিতে বাড়ির মালিক পক্ষ অতিরিক্ত ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাবিবুর রহমানকে মারধর করা হয় এবং খুন-জখমসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ভবানীপুর এলাকায় প্রবেশ করতেও তাকে ও তার পরিবারকে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি ও তার পরিবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার চান।
অভিযোগের বিষয়ে বাড়ির মালিক কবির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।
এদিকে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা দিনদিন বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার রশিদ না দেওয়া, ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি, জোরপূর্বক উচ্ছেদ ও ভাড়াটিয়ার মালামাল আটকে রাখার মতো অভিযোগ অহরহ শোনা যাচ্ছে।
ভাড়াটিয়াদের অভিযোগ, অগ্রিম ভাড়া, বাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ও ইউটিলিটি বিল আদায়ের ক্ষেত্রেও অনেক বাড়ির মালিক আইন মানছেন না। এসব অনিয়ম বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
© All rights reserved © 2026
Leave a Reply