
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা ও মতবিনিময়ের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সদর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় শুক্রবার, ৯ জানুয়ারি বিকেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি রুকন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স এবং কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সহজ হয়। তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থেকে কাজ করছে।
এ সময় তিনি মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2026
Leave a Reply