
শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল ও কলেজে চাকরির সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের মার্কাজ মসজিদ মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামা দল দুর্গাপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বলেন, “বিএনপি সবসময় আলেম-উলামাদের শ্রদ্ধার চোখে দেখে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আলেমদের ছায়া শক্তি। আগামীতে বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থায় কওমী শিক্ষকদের মেধার যথাযথ মূল্যায়ন করা হবে এবং তাদের স্কুল-কলেজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
দোয়া মাহফিলের পূর্ব আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসেবে অভিহিত করেন। তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক।দেশের সংকটময় মুহূর্তে তিনি কখনো আপোষ করেননি এবং দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করেননি।তার বিশাল জানাজাই প্রমাণ করে দেশের মানুষের হৃদয়ে তার অবস্থান কতটা গভীর ছিল।তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত রাজনৈতিক অভিভাবক হারিয়েছে।
জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রব সাহেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাফিজুর রহমান (সভাপতি, উপজেলা জমিয়তে বাংলাদেশ)
মাওলানা এনাতুল্লাহ খান (সাধারণ সম্পাদক)
মাওলানা শেখ মিজানুর রহমান (সাধারণ সম্পাদক, যুব জমিয়ত)
মাহমুদ হাসান (সভাপতি, জেলা ছাত্র জমিয়ত)
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply