
এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
মঙ্গলবার সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপজেলা সদস্য সচিব আজিম উদ্দিন খান। তিনি ১৭ জুলাই ২০২৫ তারিখের পরিপত্রে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দেন।
তিনি বলেন, অতীতে বৃত্তি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। তাই পরিপত্রটি প্রত্যাহার করে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সমঅংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ইসলামী মডেল মাদ্রাসা, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা, মোতাছিম বিল্লাহ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা, আইডিয়াল একাডেমী ও পেশকারহাট একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2026
Leave a Reply