
(ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ২১ জুলাই:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চুরি হওয়া ৫টি স্মার্টফোনসহ ‘মিজান ডাকাতের সহকারী’ হিসেবে পরিচিত এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুলাই) রাতে উপজেলার কাঞ্চনপুর এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন সোমবার (২২ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আ. আলিম (২৬)। তিনি কচুয়ামুড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি কুখ্যাত ‘মিজান ডাকাতের সহকারী’ হিসেবে দীর্ঘদিন ধরে চিহ্নিত। পুলিশের জিজ্ঞাসাবাদে আলিম চুরির কথা স্বীকার করেছেন।
জানা গেছে, মিজান ডাকাতের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আলিমের মতো অনেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব অপরাধীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ রয়েছে।
এদিকে, কাঞ্চনপুর গ্রামের মোহাম্মদ মুসলিম মিয়া ও তাঁর ভাইয়ের বসতঘরে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোর ঘরে ঢুকে দামি পাঁচটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বিজয়নগর থানার এসআই মো. কুদ্দুস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আ. আলিমকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং মিজান ডাকাতের অন্যতম সহকারী হিসেবে সে আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply