
এম এ হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের এক মাদ্রাসাছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর শিশুটির পরিবারের নিকট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অপহৃত শিশুর নাম মোছাম্মদ মারিয়া (৯)। তার পিতা মোহাম্মদ আব্বাস উদ্দিন ও মাতা মোছাম্মৎ রোকেয়া। মারিয়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তাকওয়া মাদ্রাসার শিক্ষার্থী।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গত শুক্রবার সকাল ১১টার সময় মারিয়া মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর অজ্ঞাত নম্বর থেকে মারিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা এবং তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে তজুমদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply