
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালী গ্রামে ভিক্ষা করতে এসে খালে পড়ে দৃষ্টি প্রতিবন্ধী মা ও তাঁর দুই বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গিলাচোখা গ্রামের স্বামী পরিত্যক্তা ও দৃষ্টি প্রতিবন্ধী বিলকিস আক্তার (২৮) এবং তাঁর মেয়ে বিথী আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভিক্ষার উদ্দেশ্যে বিলকিস আক্তার তাঁর শিশুকন্যাকে নিয়ে গলইখালী গ্রামে আসেন। এসময় খালের ধারে চলাফেরা করার সময় অসাবধানতাবশত মা ও মেয়ে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের খোঁজ মেলেনি।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে খালের পানিতে ভেসে থাকা অবস্থায় তাঁদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে এবং পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা জুয়ানা আক্তার জানান, “লাশ দুটি খালে ভাসতে দেখে আমরা দ্রুত থানায় খবর দেই।”
মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসাহিদ তালুকদার বলেন, “বিলকিস দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষা করতে এসে খালে পড়ে তাঁর এমন মৃত্যু খুবই বেদনাদায়ক।”
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, গরিব অসহায় মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।
© All rights reserved © 2026
Leave a Reply