
মো:সিরাজুল ইসলাম পলাশ ,হাতীবান্ধা লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এলাকা থেকে লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি স্বাধীন রহমান বিজয় (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী। তিনি জানান, বিজয়কে সাংবাদিকের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত স্বাধীন রহমান বিজয় হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমানের ছোট ভাই।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৮ জুলাই আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর সাংবাদিক রহিম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বাধীন রহমান বিজয়ের নাম না থাকলেও তাকে সন্দেহভাজন হিসেবে সোমবার বিকেলে রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী জানান, গ্রেপ্তারকৃত বিজয়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply